ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন (কর্ডলাইন) চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। মঙ্গলবার (১২ মে ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন নির্মাণের সম্ভাবনা, যাত্রীসেবা উন্নয়ন, যাতায়াতের সময় কমিয়ে আনা এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়। এসময় প্রকল্প সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করে,যেখানে সম্ভাব্য কর্ডলাইনের রুট, কারিগরি দিক এবং অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সচিব ফাহমিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু হলে রাজধানীর সঙ্গে কুমিল্লার যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য,শিক্ষা ও পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।




