কুমিল্লা নগরীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বুধবার কুমিল্লা জেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
সাক্ষাৎকালে উভয় প্রশাসক কুমিল্লা নগরীর বর্তমান বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নাগরিক সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতবিনিময় করা হয়।
আলোচনায় নগর উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নাগরিকদের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
এ সময় কুমিল্লার সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া এবং সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।




