কুমিল্লার বুড়িচং উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করা এবং কৃষকদের আধুনিক ফল চাষে উৎসাহিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ফল মেলার উদ্বোধন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তানভীর হোসেন বলেন, বাংলাদেশ বর্তমানে ফল উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কৃষকদের নিরলস পরিশ্রম ও কৃষি বিভাগের সহায়তায় দেশে বিভিন্ন ধরনের ফলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় মানুষের খাদ্যতালিকায় এসব ফলের ব্যবহার বাড়ানোর পাশাপাশি শিশুদের নিয়মিত ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক খাতে পরিণত করতে কাজ করছে। ফল চাষের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। এ ধরনের মেলা কৃষকদের উন্নত জাতের ফল ও আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলেক হোসেন এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বিল্লাল হোসেন। বক্তারা দেশীয় ফলের পুষ্টিগুণ, আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষ এবং কৃষকদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনা ও সহায়তা কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও উদ্যোক্তারা আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, জাম, আনারস, ড্রাগন ফল, মাল্টা ও লেবুসহ বিভিন্ন প্রজাতির ফল প্রদর্শন করেন। রঙিন ও বৈচিত্র্যময় ফলের সমাহারে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




