কুমিল্লা, ১৪ জুন: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী ‘‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা পরিষদের তত্ত্বাবধানে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া। তিনি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক মিয়া বলেন, বর্তমান সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা ও একটি সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ গোলাম জাকারিয়া, নির্বাহী কর্মকর্তা জনাব রাবেয়া আসফার সায়মাসহ জেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।




