কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পরিষদের অর্থায়নে চলমান কম্পিউটার ল্যাব সংস্কার, কম্পিউটার ও ইন্টারেক্টিভ প্যানেল প্রদান প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি কুমিল্লা সদর উপজেলার ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজ, অজিতগুহ কলেজ, জিলা স্কুল এবং পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ (হাইস্কুল) পরিদর্শন করেন। এ সময় তিনি প্রকল্পের কাজের মান, বাস্তবায়নের অগ্রগতি এবং শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থেকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় প্রশাসক মোস্তাক মিয়া বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে। আধুনিক কম্পিউটার ল্যাব ও ইন্টারেক্টিভ প্যানেল শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে তুলবে। তিনি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।




