কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিএনপির নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী এলাকাবাসী।
মতবিনিময় সভায় বিএনপি নেতারা দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন, গ্যাসের স্বল্পচাপ ও সরবরাহ সংকটের কারণে নগর ও শহরতলীর বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে রান্নাবান্নাসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ইমাম উদ্দিন শেখ সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালউর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজউদ্দিন রিয়াজসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভা শেষে এলাকাবাসী গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশা প্রকাশ করেন।




