মো:গিয়াস উদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকা তুলে ধরে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের মানুষের অধিকার, বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদ ও সার্বভৌমত্বের প্রশ্নে দীর্ঘদিন ধরে রাজপথে সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে আসছে।
তিনি বলেন, বিএনপির ইতিহাস হচ্ছে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের ইতিহাস। নানা প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্য দিয়েও বিএনপি তার আদর্শ ও লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি।
হাজী জসিম উদ্দিন বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি বিএনপির অতীতের গৌরবময় রাজনৈতিক ইতিহাস স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলার অঙ্গীকারের দিন। দেশের মানুষের কল্যাণ, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ কুমিল্লার সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে বিএনপির রাজনীতিকে আরও জনমুখী ও শক্তিশালী করতে হবে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠার পর থেকে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান।
সবশেষে হাজী জসিম উদ্দিন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও জনগণের ভালোবাসাকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।




