নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বুড়িচং থানার এসআই মোঃ জয়নুল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের খারেরা এলাকায় পাহাড়পুরগামী রাস্তার মাথায় বাগড়া-কুমিল্লা সড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ৪ কেজি গাঁজাসহ মোঃ মোস্তফা (৪৪) ও মোঃ বাবুল হোসেন (৩০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মোস্তফা বুড়িচং উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর উত্তরপাড়া এলাকার বাসিন্দা। অপর গ্রেপ্তার মোঃ বাবুল হোসেন একই ইউনিয়নের কোদালিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




