গত (২৮ জুলাই ২০২৬) দৈনিক আমার দেশ-এ এমপির বাড়িতে যাতায়াতে শতবর্ষী স্কুলের মাঠে রাস্তা নির্মাণ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় সংসদ সদস্য মো. জসিম উদ্দিনের কোনো ব্যক্তিগত বাড়ি নেই। ফলে “এমপির বাড়িতে যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ”—এমন দাবি বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ অসংগত এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
তিনি আরও বলেন, এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বুড়িচং কালীনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক পর্যন্ত সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে একটি আরসিসি (ঢালাই) সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। এই সড়কটি কোনো ব্যক্তি বা সংসদ সদস্যের ব্যক্তিগত স্বার্থে নির্মাণ করা হয়নি; বরং বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করাই ছিল এর মূল উদ্দেশ্য।
এ কে এম সাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, জনগণের উন্নয়নের স্বার্থে বাস্তবায়িত একটি জনকল্যাণমূলক প্রকল্পকে ভিন্নভাবে উপস্থাপন করে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
তিনি দৈনিক আমার দেশ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, যথাযথ তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তিনি প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।




