বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কক্ষের ফ্যান,লাইট ও ইলেকট্রিক তার সহ চুরির ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের প্রয়োজনীয় মালামাল চুরি হওয়ায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করতে হচ্ছে।
ঘটনার খবর পেয়ে বিদ্যালয়টি পরিদর্শন করেন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে সাইফুল ইসলাম টিপু বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি পূরণ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, চুরির ঘটনায় প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শ্রেণিকক্ষের সরঞ্জাম সহ ক্ষতিগ্রস্ত হওয়া ও শ্রেণিকক্ষ না থাকায় শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করানো হচ্ছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।




