চৌদ্দগ্রামে কম্পিউটার ল্যাব ও স্মার্ট শিক্ষা প্রকল্প পরিদর্শন করলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াকুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোঃ মোস্তাক মিয়া মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ডিগ্রি কলেজ ও গুনবতী আল ফারাবী স্কুল পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা পরিষদের অর্থায়নে চলমান কম্পিউটার ল্যাব সংস্কার, নতুন কম্পিউটার সরবরাহ এবং ইন্টারেক্টিভ প্যানেল প্রদানের প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জেলা পরিষদের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান।
এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা, সংশ্লিষ্ট স্কুল ও কলেজের প্রধান শিক্ষক এবং অধ্যক্ষবৃন্দ, জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসকের আগমনের খবর পেয়ে স্থানীয় নেতৃবৃন্দও তাৎক্ষণিকভাবে পরিদর্শনস্থলে উপস্থিত হন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে স্বাগত জানান।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, কম্পিউটার ল্যাবের উন্নয়ন ও ইন্টারেক্টিভ প্যানেল সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার আরও বেশি সুযোগ-সুবিধা পাবে।




