মো:গিয়াস উদ্দিন:কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিআর পরোয়ানাভুক্ত একজন আসামি এবং মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবমিলিয়ে পুলিশের অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর সকাল ৭টা ৩৫ মিনিটে এসআই মো. রফিকুল ইসলাম ও এএসআই লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের হরিমঙ্গল এলাকায় হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ মো. রিপন মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে এসআই আল-আমিনের নেতৃত্বে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. শাকিল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় বাগড়া-কুমিল্লা সড়কে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল (২২) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া ১২ সেপ্টেম্বর এএসআই মো. নুর-আল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মাসুদ মিয়া (৪২)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই সুজন কুমার আচার্য্য, এসআই মো. রফিকুল ইসলাম ও এসআই মো. জালাল উদ্দিনের নেতৃত্বে পৃথক বিশেষ অভিযানে মাদক সেবনের অপরাধে মো. আরিফ (২০), মো. মাসুদ (২৮), মো. স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও মো. নাঈম হোসেন (২৪)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার করা সব আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




