কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ মোঃ শহিদুল ইসলাম শহিদ (৪৩) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার (৫ আগস্ট ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার এসআই জিয়াউল হক জিয়া, এএসআই মোঃ মাইনুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের খারেরা পূর্বপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে শহিদুল ইসলাম শহিদকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামির দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী, বুড়িচং থানাধীন খারেরা পূর্বপাড়া এলাকায় জনৈক মোস্তাফার বসতবাড়ির খালি জায়গায় নির্মিত পুরাতন পানির ট্যাংকের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪টি পোটলা থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে বুড়িচং থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
বুড়িচং থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।




