কুমিল্লার বুড়িচংয়ে ৩৬ কেজি গাঁজাসহ ভারতীয় এক নাগরিক ও বাংলাদেশি এক গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং থানার এসআই শামসুল হক সঙ্গীয় ফোর্স ও স্থানীয়দের সহায়তায় বুড়িচং পৌরসভার অন্তর্গত পূর্ণমতি কাঁচা-পাকা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি টয়োটা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় ভারতীয় নাগরিক সালাউদ্দিন ওরফে ছেরা উদ্দিন (২৩)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া সাব-ডিভিশনের কলমচূড়া থানার আশাবাড়ী এলাকার বাসিন্দা।
এ ছাড়া গাড়িচালক হিসেবে দায়িত্বে থাকা বাংলাদেশি নাগরিক মো. জহিরুল ইসলাম রাব্বি (২১)-কেও গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার ১ নম্বর রাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাজাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বুড়িচং থানার পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।




